মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনবার মামলাটি শুনানির জন্য উল্লেখ করা সত্ত্বেও শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে সেখান থেকেও সরাসরি কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি পেলেন না অভিষেক। বরং মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দ্রুত শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত।
প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দুর্গাপুজোর ছুটি শেষ হওয়ার পরই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা বা স্বস্তি পাবেন কি না, সেই সিদ্ধান্তও নেবে হাইকোর্ট।
অভিষেকের অভিযোগ, রাজ্যের বিভিন্ন ঘটনা ও তদন্তের সূত্র ধরে তাঁকে ঘিরে সংবাদমাধ্যমের একাংশে ধারাবাহিকভাবে মিডিয়া ট্রায়াল চলছে। তাঁর আইনজীবীর দাবি, তদন্তকারী সংস্থার একাংশ থেকে গোপন নথি এবং জিজ্ঞাসাবাদের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করা হচ্ছে। এর ফলে তাঁর মক্কেলের বিরুদ্ধে একপেশে প্রচার চলছে, যা ব্যক্তিগত অধিকার ও সামাজিক সম্মানের উপর প্রভাব ফেলছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে দাবি করা হয়েছে।
এই অভিযোগে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। পরে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চেও মামলাটি শুনানির জন্য উল্লেখ করা হয়। কিন্তু দুর্গাপুজোর ছুটির মধ্যে শুনানি সম্ভব নয় বলে জানানো হয়েছিল। এরপর দ্রুত শুনানির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান তিনি।
তবে শীর্ষ আদালত নিজে মামলার শুনানি না করে কলকাতা হাইকোর্টকেই বিষয়টি বিবেচনার দায়িত্ব দিয়েছে। ফলে এবার হাইকোর্টের শুনানির দিকেই নজর থাকবে।







