কলকাতা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে বিধায়করা, কালো ব্যাজ পরে ধর্মতলায় মিছিল

ধর্মতলায় আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার রাজ্যের বিধায়করা প্রতিবাদ মিছিলে শামিল হচ্ছেন।

জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ রাজ্য বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হবে। অংশগ্রহণকারী বিধায়করা কালো ব্যাজ পরে এই কর্মসূচিতে যোগ দেবেন। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিধায়কদের এ ধরনের সংগঠিত পদক্ষেপ এই প্রথম বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে কয়েকজন কর্মরত সাংবাদিক আক্রান্ত হন। ঘটনায় একাধিক সাংবাদিক আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতেই হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

অন্যদিকে, আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান ‘আসল’ তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, এটি কোনওভাবেই ছাত্র আন্দোলনের স্বাভাবিক চেহারা নয়। বিভিন্ন ভিডিও দেখে তিনি বিস্ময় প্রকাশ করে জানান, প্রতিবাদের নামে যে আচরণ দেখা গিয়েছে, তা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে, ধর্মতলার বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.