কলকাতা

হাওয়ালার কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ! কামালগাজিতে ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর অফিসে ইডির হানা

বুধবার সাতসকালে দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কামালগাজির ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজে লেকটাউন, কামালগাজি-সহ মোট চারটি জায়গায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ, চালের ব্যবসার আড়ালে ইন্টারনেট ও সাইবার মাধ্যমকে কাজে লাগিয়ে হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যবসায়ী।
সূত্রের খবর, এই সংক্রান্ত একটি মামলা সম্প্রতি গুয়াহাটিতে দায়ের হয়। সেই মামলার সূত্র ধরেই প্রথমে কলকাতার লেকটাউনে তল্লাশি চালায় ইডি। সেখানে বিশেষ কিছু না মিললেও কামালগাজিতে শ্যামল ব্যাপারীর একটি অফিসের সন্ধান পান তদন্তকারীরা। এরপরই বুধবার সকালে ওই অফিস-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট চারটি জায়গায় অভিযান শুরু হয়।
তল্লাশির সময় কামালগাজির মূল অফিসের সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। অফিসের নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত শ্যামল ব্যাপারীর কোনও সন্ধান মেলেনি।
উল্লেখ্য, শ্যামলের মূল ব্যবসা চাল আমদানি ও রফতানি। দেশ-বিদেশে তাঁর ব্যবসায়িক যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু সেই ব্যবসার আড়ালেই কোটি কোটি টাকার হাওয়ালা লেনদেনের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের ধারণা, জিজ্ঞাসাবাদ ও নথি পরীক্ষার মাধ্যমে এই আর্থিক লেনদেনের আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। তবে অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.