আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের স্বার্থে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করা হলেও নির্ধারিত দিনে হাজিরা দিলেন না তিনি। বরং অসুস্থতার কারণ দেখিয়ে আরও ১৫ দিন সময় চেয়েছেন তাঁর আইনজীবী। এমনকী, প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের আর্জিও জানানো হয়েছে। এখন প্রশ্ন, সন্দীপ ঘোষের এই আবেদনের পর কী সিদ্ধান্ত নেবে ইডি?
ইডি সূত্রে খবর, সন্দীপ ঘোষের আইনজীবী সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে আপাতত হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই ১৫ দিন সময় চাওয়া হয়েছে। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও এই আবেদন নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি ইডি। তদন্তের প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই ঠিক করবেন।
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। দীর্ঘদিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বিচারপ্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি বিবেচনা করে তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত। এই মামলায় মোট ১৪৭ জন সাক্ষী রয়েছেন। তাঁদের মধ্যে অল্প কয়েকজনেরই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছিল।
২০২৪ সালের ৯ অগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই বিতর্কের কেন্দ্রে উঠে আসেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও শুরু হয় তদন্ত। প্রথমে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। পরে আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের মামলায় জামিন পাওয়ার পর এবার ইডির জিজ্ঞাসাবাদ ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। ১৫ দিনের সময় চাওয়ার আবেদন মঞ্জুর হবে, নাকি নতুন করে হাজিরার নির্দেশ দেওয়া হবে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।







