রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এ দেবী সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে ছবিতে সীতার যুদ্ধের দৃশ্য এবং যোদ্ধারূপে তাঁর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের দর্শক। এবার সেই সমালোচনার জবাব দিলেন ছবির পরিচালক নীতেশ তিওয়ারি।
পরিচালকের বক্তব্য, সীতার এই যোদ্ধারূপ কোনও কল্পনাপ্রসূত সংযোজন নয়। ভারতীয় মহাকাব্যের বিভিন্ন আঞ্চলিক ও প্রাচীন সংস্করণে এর উল্লেখ রয়েছে। তিনি জানান, সংস্কৃত ভাষার ‘অদ্ভুত রামায়ণ’ এবং ওড়িয়া ভাষার ‘বিলঙ্কা রামায়ণ’-এ সীতাকে মহাজাগতিক শক্তি বা আদিশক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকী, এই কাহিনিগুলিতে দেবী সীতা মহাকালীর রূপ ধারণ করে সহস্র রাবণকে বধ করেন।
নীতেশের মতে, ভারতীয় রামায়ণের বৈচিত্র্যময় ঐতিহ্যকে সম্মান জানিয়েই তৈরি করা হয়েছে এই চরিত্রায়ণ। ফলে ‘যোদ্ধা সীতা’ নিয়ে বিতর্কের মধ্যেই পরিচালকের এই ব্যাখ্যা নতুন করে আগ্রহ বাড়াল দর্শকদের।







