বচ্চন পরিবারের অন্দরেই এবার সম্পত্তি নিয়ে আইনি টানাপোড়েন! মুম্বইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’র মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন। জয়া বচ্চনের নামে বাংলোর মালিকানা হস্তান্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ করেছেন তিনি। ইতিমধ্যেই এই বিষয়ে শুনানি শুরু হয়েছে।
রমোলার অভিযোগ, ১৯৯৩ সালে একটি গিফ্ট ডিডের মাধ্যমে তাঁর অজান্তেই ‘জলসা’র মালিকানা জয়া বচ্চনের নামে করে দেওয়া হয়। অথচ বাংলোর রেজিস্ট্রেশন প্রথমে তাঁর নামেই ছিল বলে দাবি করেছেন তিনি। ওই গিফ্ট ডিডের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা। তাঁর দাবি, নথিটি সাদা কাগজে তৈরি হয়েছিল। সেখানে স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি, এমনকী সাক্ষীদের সইও ছিল না।
অন্ধেরীর ডেপুটি রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজের দফতরে অভিযোগ জানিয়েছেন রমোলা। তাঁর দাবি, কপোল হাউজিং সোসাইটির রেকর্ডে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের সম্পত্তি সংক্রান্ত নথিতে এখনও তাঁর নাম রয়েছে। গত সাত মাস ধরে এই বিষয়ে একাধিক অভিযোগ জমা দিয়েছেন তিনি।
ডেপুটি রেজিস্ট্রার ফৈয়জ মুলানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুনানি চলছে। সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, অমিতাভ বা জয়া বচ্চনের তরফে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া মেলেনি। পরিবারের মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা হবে না। ফলে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বচ্চন পরিবারের পরিচিত ঠিকানা ‘জলসা’র মালিকানা শেষ পর্যন্ত কার হাতে থাকে, এখন সেটাই দেখার।







