মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এবার আয়ের নিরিখে বড়সড় চমক দিল রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি। সোমবারের বক্স অফিস কালেকশনে রণবীর সিংহের ‘ধুরন্ধর-২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘রামায়ণ’। মাত্র পাঁচ দিনের মাথায় বিশ্বজুড়ে ৬৬৩.৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।
বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার ভারতে ছবিটির মোট আয় হয়েছে ১০৭.৫০ কোটি টাকা। সোমবারে কোনও ভারতীয় ছবির আয়ের নিরিখে এই সংগ্রহ নতুন নজির তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অবদান হিন্দি সংস্করণের। ১৯,৭৮৬টি শো থেকে হিন্দিতে আয় হয়েছে ৮৭.২৫ কোটি টাকা। পাশাপাশি কন্নড় সংস্করণ থেকে ৭.৫০ কোটি, তেলুগু থেকে ৬ কোটি, তামিল থেকে ৪ কোটি এবং মালয়ালম সংস্করণ থেকে ২.৭৫ কোটি টাকা এসেছে।
মুক্তির পঞ্চম দিন শেষে ভারতের বাজারে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৩৪৬.৩৫ কোটি টাকা। গ্রস কালেকশন ৪১৩.৯০ কোটি। শুধু দেশীয় বাজারেই নয়, বিদেশের মাটিতেও দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে এই ছবি। পঞ্চম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও ২৫ কোটি টাকা আয় হয়েছে। সব মিলিয়ে বিদেশের বাজারে ছবিটির মোট সংগ্রহ ২৫০ কোটি টাকা।
ভারত ও বিদেশের আয় একসঙ্গে ধরলে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর মোট বক্স অফিস কালেকশন ৬৬৩.৯০ কোটি টাকা। ফলে এবার ছবির নজর ৭০০ কোটির মাইলফলকের দিকে।
ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী, যশ, রবি দুবে এবং রাঘব জুয়াল। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ এবং বিপুল বক্স অফিস সংগ্রহে আপাতত সাফল্যের শিখরে ‘রামায়ণ’।







