রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক আলোচনায় নতুন করে সামনে এল ডনবাস অঞ্চল নিয়ে বিতর্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডনবাসের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে আমেরিকা।
জেলেনস্কির দাবি, আবু ধাবিতে অনুষ্ঠিত আলোচনায় এই প্রথমবার ওয়াশিংটনের পক্ষ থেকে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, ন্যাটোর সদস্যপদ নিশ্চিত হলে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই এমন ডনবাসের কিছু অংশ থেকেও কি ইউক্রেন সেনা সরিয়ে নিতে রাজি হবে?
তবে এই প্রস্তাব নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, পশ্চিমি দেশগুলি প্রথমে এই বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিক। তারপরই প্রস্তাবটি নিয়ে ইউক্রেনের সাধারণ মানুষের মতামত নেওয়া হবে।
একইসঙ্গে ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে চলা বৃহত্তর আলোচনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি। তাঁর আশঙ্কা, এই উদ্যোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানো এবং সীমান্ত পুনর্নির্ধারণের উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে দিতে পারে।







