বিদেশ

নেপালে ভয়াবহ দুর্যোগ, ভারতের সহায়তায় কৃতজ্ঞতা প্রেসিডেন্টের

প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে নেপালে এখনও পর্যন্ত অন্তত ৬২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এই বিপর্যয়ের সময়ে প্রতিবেশী নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। নয়াদিল্লির ‘সংহতি ও সহায়তা’র জন্য এবার কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল।

রামচন্দ্র পোড়েল বলেন, “নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সাম্প্রতিক দুর্যোগের পর আপনাদের উদ্বেগ এবং ভারত সরকারের উদার সহায়তা ও সংহতির জন্য আমরা কৃতজ্ঞ।” একইসঙ্গে ২৬ আগস্টের দুর্যোগে ভারতীয় নাগরিকদের প্রাণহানির ঘটনায় ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এখনও পর্যন্ত অন্তত ২৯০ জন ভারতীয় নাগরিকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছিলেন, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর বিভিন্ন দেশের তরফে সাহায্যের প্রস্তাব আসাটাই স্বাভাবিক। তবে সেই সময়ে বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেই জানিয়েছিল নেপাল। পরে অবশ্য নিজেদের অবস্থান বদলে প্রতিবেশী দেশটি।

বুধবারের ভয়াবহ হড়পা বানের পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে নেপালে। এর মধ্যেই তিব্বতে নতুন একটি হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বুধবারের বিপর্যয়ের রেশ কাটার আগেই ফের হড়পা বানের আতঙ্ক দেখা দিয়েছে। রাসুয়া ও ধাদিং জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজও।

এদিকে বিপর্যস্ত নেপালকে সতর্ক করেছে চিন। বেজিংয়ের আশঙ্কা, লেন্ডে নদীর অববাহিকার উজানে তৈরি হওয়া হ্রদটির পাড় যে কোনও সময় ভেঙে যেতে পারে। জলের রং পরিবর্তনের বিষয়টি নজরে আসার পরই এই বিপদের আশঙ্কা প্রকাশ করেছে চিন। তবে বেজিংয়ের দাবি, হ্রদটি ভেঙে গেলেও নদীতে জলের সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.