ভারতের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশীয় অস্ত্র উৎপাদন ও সামরিক প্রযুক্তির উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই আবহেই পুনেতে কল্যাণী-বি.এইচ.এফ. (Bharat Forge) শিল্প কারখানা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পরিদর্শনকালে ভারত ফোর্জের প্রতিরক্ষা ক্ষেত্রে অবদান এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উৎপাদনের পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি। অমিত শাহের বক্তব্য, ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সংস্থাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ভারত ফোর্জ উল্লেখযোগ্য অবদান রাখছে।
সংস্থাটির উন্নত প্রযুক্তি, আধুনিক সামরিক সরঞ্জাম নির্মাণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান উপস্থিতির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, প্রতিরক্ষা উৎপাদনে ভারত ফোর্জ একটি অগ্রণী সংস্থা এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তিগত দক্ষতার প্রতীক।
‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি বিশ্ববাজারেও ভারতের অবস্থান আরও মজবুত করার পথে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।







