কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন ঘিরে ফের গুরুত্বপূর্ণ আপডেট। চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মচারী সংগঠন, পেনশনভোগী সংগঠন, ইউনিয়ন, ফেডারেশন-সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবে কমিশন। ইতিমধ্যেই এই পরামর্শ গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কার্যপরিধিতে সরকারি কর্মীদের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনার বিষয়টি রয়েছে। পাশাপাশি কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং সরকারি চাকরিতে দক্ষ কর্মীদের আকৃষ্ট করার মতো বিষয়গুলিও বিবেচনা করবে কমিশন।
বেতন-ভাতায় কী কী দেখা হবে?
কমিশনের কাজের মধ্যে রয়েছে বর্তমান বেতন কাঠামো ও পে-ম্যাট্রিক্স পর্যালোচনা। একইসঙ্গে ডিএ, ডিআর, এইচআরএ-সহ বিভিন্ন ভাতা এবং ইনক্রিমেন্ট, পদোন্নতি ও অন্যান্য সুবিধার বিষয়ও খতিয়ে দেখা হবে।
এছাড়া কর্মদক্ষতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে ইনসেনটিভ বা বোনাস ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন কি না, সেটিও পর্যালোচনা করা হবে। বিভিন্ন ভাতার সংখ্যা ও জটিলতা কমিয়ে সেগুলিকে আরও যুক্তিসঙ্গত করার বিষয়েও সুপারিশ দিতে পারে কমিশন।
পেনশন নিয়েও গুরুত্বপূর্ণ বিষয়
NPS এবং Unified Pension Scheme-এর আওতাভুক্ত কর্মীদের Death-cum-Retirement Gratuity নিয়েও পর্যালোচনা করবে কমিশন। পাশাপাশি NPS বা UPS-এর আওতায় নেই এমন কর্মীদের পেনশন ও অবসরকালীন গ্র্যাচুইটির বিষয়টিও কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে।
কবে আসতে পারে সুপারিশ?
অষ্টম বেতন কমিশনকে গঠনের পর ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তার আগে অন্তর্বর্তীকালীন রিপোর্টও দিতে পারে কমিশন। কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য-সচিব পঙ্কজ জৈন।
তবে বেতন কমিশনের সুপারিশ প্রকাশ এবং তা বাস্তবে কার্যকর হওয়া এক বিষয় নয়। সুপারিশের পর কেন্দ্রীয় সরকারের অনুমোদন ও বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় লাগতে পারে। তাই নতুন বেতন কাঠামো বা ভাতা ঠিক কবে থেকে কার্যকর হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর এখন কমিশনের পরবর্তী বৈঠক, রাজ্য সফর এবং চূড়ান্ত সুপারিশের দিকে।







