বিনোদন

১০ দিনেই ১২০০ কোটির মাইলফলক! ‘রামায়ণ’-এর দাপটে পিছনে ‘অ্যানিম্যাল’, বক্স অফিসে নতুন ইতিহাস রণবীর-যশের

মুক্তির পর মাত্র ১০ দিন। তার মধ্যেই বিশ্বজুড়ে আয়ের নিরিখে নজির গড়ল রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। বক্স অফিসে ছবির জয়যাত্রা অব্যাহত। দ্বিতীয় সপ্তাহের শনিবারে আয়ের অঙ্কে বড়সড় বৃদ্ধি ঘটিয়ে বিশ্বজুড়ে ১২০০ কোটি টাকার গণ্ডি পার করল এই ছবি। শুধু তাই নয়, একই সময়ের ব্যবসার নিরিখে রণবীরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’-কেও অনেকটা পিছনে ফেলে দিয়েছে এই পৌরাণিক কাহিনি।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দশম দিনে ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৭২.৯০ কোটি টাকা। শুক্রবারের তুলনায় শনিবার আয় বেড়েছে প্রায় ৫১.৬ শতাংশ। ফলে দেশের বাজারে ছবির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৮৫.৬০ কোটি টাকা। গ্রস কালেকশন ৮১৯.৫০ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৪০৮.৫০ কোটি টাকা। সব মিলিয়ে মাত্র ১০ দিনেই বিশ্বজুড়ে ছবির মোট গ্রস আয় ১,২২৮ কোটি টাকা।

ভাষাভিত্তিক ব্যবসার হিসাবেও এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। দশম দিনে হিন্দি ভাষায় ছবিটির আয় ৫৩.৭৫ কোটি টাকা। কন্নড় সংস্করণ থেকে এসেছে ৫.৪০ কোটি টাকা। তামিল ও মালয়ালম ভাষায় আয় হয়েছে ৪.৭৫ কোটি টাকা করে। তেলুগু সংস্করণের আয় ৪.২৫ কোটি টাকা। এখনও পর্যন্ত দেশের মোট নেট আয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে।

রণবীরের আগের ছবি ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে তুলনা করলেও ‘রামায়ণ’-এর দাপট স্পষ্ট। মুক্তির দশম দিনে ‘অ্যানিম্যাল’ ভারতে নেট ৩৬ কোটি টাকা আয় করেছিল। সেখানে ‘রামায়ণ’-এর আয় ৭২.৯০ কোটি টাকা। অর্থাৎ একই দিনে প্রায় দ্বিগুণ ব্যবসা করেছে নতুন ছবি। দশ দিনে ‘অ্যানিম্যাল’-এর বিশ্বজোড়া গ্রস আয় ছিল ৭১৭.৩০ কোটি টাকা। সেই জায়গায় ‘রামায়ণ’ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১,২২৮ কোটিতে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী অভিনয় করেছেন। মহাকাব্যিক কাহিনির এই বড় পর্দার উপস্থাপনা দর্শকদের কতটা আকৃষ্ট করেছে, তার প্রমাণ মিলছে বক্স অফিসের পরিসংখ্যানে। দ্বিতীয় সপ্তাহেও ছবির আয় যেভাবে বাড়ছে, তাতে শেষ পর্যন্ত এই ছবির ব্যবসা কত দূর পৌঁছয়, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.