জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। গোপন অভিযানে উপত্যকায় দুই লস্কর-ই-তইবা জঙ্গিকে নিকেশ করল যৌথ বাহিনী। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত ছিল এই দুই জঙ্গি। ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যেই তাদের খুঁজে বের করে অভিযান চালাল নিরাপত্তাবাহিনী। মৃত দুই জঙ্গির মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম লতিফ ভাট। নিরাপত্তাবাহিনীর দাবি, সিআরপিএফ ক্যাম্পে হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই লস্কর জঙ্গি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার একটি চেকপয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। মোটরবাইকে চেপে এসে ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। দুপুর ২টো ১২ মিনিট নাগাদ ঘটে এই হামলা। আচমকা হামলায় আহত হন তিন সিআরপিএফ জওয়ান। এরপর বাইকে চেপেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয় উচ্চ সতর্কতা। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, হামলাকারীদের সন্ধানে শুরু হয় চিরুনি তল্লাশি।
তদন্তে উঠে আসে, এই হামলার পিছনে রয়েছে লস্কর জঙ্গি লতিফ ভাটের হাত। এরপর তার সন্ধানে বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। রবিবার গোপন সূত্রে খবর মেলে, কুলগাম জেলার মীর বাজার সংলগ্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা। খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে আটকে পড়ে পালানোর পথ না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলার পর দুই জঙ্গির মৃত্যু হয় বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।







