রাজ্য

জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় ফের স্থগিতাদেশ, ১ ডিসেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

ফলতার একসময়ের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজে আপাতত বাধা। বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর বাড়ি ভাঙার উদ্যোগ নিয়েছিল পুরসভা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাহাঙ্গির। এর আগে তাঁর বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল।

এদিন মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে কয়েকটি স্টিল ছবি জমা দেওয়া হয়। কিন্তু সেই ছবিতে সন্তুষ্ট হতে পারেনি হাইকোর্ট। এরপরই জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর জারি থাকা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত কোনওভাবেই ভাঙার কাজ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বাড়ি ভাঙার প্রক্রিয়া নিয়ে দুই পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শুনানির সময় বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণ করেন, বাড়িতে নোটিস দিতে যাঁরা গিয়েছিলেন, তাঁরা সঠিকভাবে বাড়িটি চিহ্নিত করেননি। জমা পড়া ছবিতে শুধুমাত্র একটি কলাপসিবল গেটের দৃশ্য দেখা যাচ্ছে। অন্যদিকে, নোটিস জারির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ করেছেন জাহাঙ্গিরের আইনজীবীরা।

উল্লেখ্য, বর্তমানে জেলবন্দি রয়েছেন জাহাঙ্গির খান ওরফে স্বঘোষিত ‘পুষ্পা’। ভোটে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরই মধ্যে বেআইনি নির্মাণের অভিযোগে ফলতার শ্রীরামপুরে অবস্থিত তাঁর বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের এই নেতা। এবার সেই মামলাতেই বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল উচ্চ আদালত। আগামী ১ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.