বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পিরোজপুরে। নাজিরপুরে বিএনপির দুটি স্থানীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুধু দলীয় কার্যালয় নয়, বিএনপির এক নেতার বাড়িতেও হামলার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার পিছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাত রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।
স্থানীয় সূত্রে খবর, সোমবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে এই ঘটনা ঘটে। অভিযোগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে প্রায় ৩৫০ জনের একটি দল একাধিক গাড়িতে চেপে ওই এলাকায় আসে। এরপরই শুরু হয় হামলা ও ভাঙচুর।
প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। এতে বাড়ির একটি কাচের জানলা ভেঙে যায়। এরপর আর এক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে কার্যালয়ের টিনের চালও।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হবে।
তবে পুলিশের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়ার কথা জানানো হয়নি। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।







