২৯ শে এপ্রিল সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ২৬ এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া। সকাল থেকে সাধারণ মানুষের পাশাপাশি নেতা-মন্ত্রী থেকে শুরু করে একাধিক তারকাকেও ভোট দিতে দেখা যায়। এবার সেই গণতান্ত্রিক উৎসবে অংশ নিলেন তারকা সাংসদ দেব।
দীর্ঘ এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের হয়ে জোড় কদমের প্রচার করেছেন ঘাটালের তিনবারের তারকা সাংসদ দেব। এমনকি তার শেষের দিকে প্রচারে তিনি অসুস্থ হয়ে পরেন। তবে তার জন্য তিনি প্রচারে ঘাটতি হতে দেননি। সেই অসুস্থতা নিয়েও তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রচারে গিয়েছেন। তবে সেখানে গিয়ে বিরোধীদের ওপর সুর চরাননি। বরং উন্নয়নকে সামনে রেখে তিনি সকলের কাছে ভোটের জায়গায় আশীর্বাদ চেয়েছেন। এরপরেই দ্বিতীয় দফার ভোটের দিন শেষে পরিবার নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন। তবে সেখানে তিনি তারকা হিসেবে নন বরং ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিয়েছেন। বারংবার অভিনেতাকে সিআরপিএফ থেকে শুরু করে ভোটকেন্দ্রের আধিকারিক ও প্রেসারিং অফিসাররা লাইন ছাড়া ভোট দিতে অনুরোধ করেছিল। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন হাতে সময় নিয়ে এসেছেন তিনি তাই সকলের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তারপরেই নিজের দলের জয় বিষয়ে আশা প্রকাশ করেন তারকা সাংসদ দেব।
এ প্রসঙ্গে তারকা সাংসদ দীপক অধিকারী জানিয়েছেন, ‘ আমি চাই চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফের ক্ষমতায় আসুক। তবে ফলাফল কি হবে সেটা জানার জন্য আপনাদের মত আমি অপেক্ষায় রয়েছি চার তারিখের দিকে তাকিয়ে। এখন কে কাকে ভোট দিয়েছে ভগবানের মত আমি জানতে পারবো না। তাই আপনারা যেভাবে জানতে পারবেন ৪ঠা মে আমিও তারই জন্য অপেক্ষা করছি। মানুষ যেন নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। পাশাপাশি যেই অন্যায়গুলো হচ্ছে একজন বয়স্ক মানুষ লুঙ্গি পরে এলে তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেটা নিন্দনীয়। তার জন্য আমার দল লড়াই করছে। তাই আমি অপেক্ষায় রয়েছি চার তারিখ কখন তৃণমূল জয় লাভের খবর শুনবো’।







