ভোটের দিনে ভবানীপুরে দেখা গেল চমকপ্রদ এক দৃশ্য। তৃণমূলের শিবিরে হাজির হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার বুথ পরিদর্শনের সময় আচমকাই তিনি তৃণমূলের একটি ক্যাম্পে ঢুকে পড়েন। সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং তাঁদের সঙ্গে করমর্দন করেন। সেই সময় তৃণমূলের এক কর্মী তাঁকে ঠান্ডা পানীয় দেন, যা তিনি গ্রহণ করেন। পরে হাসতে হাসতেই ক্যাম্প থেকে বেরিয়ে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী।
ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুর। এই আসনে তৃণমূলের হয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন শুভেন্দু। ফলে স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে।
সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু। বুথ পরিদর্শনের সময় কালীঘাট এলাকায় তাঁকে ঘিরে ধরেন তৃণমূলের কিছু মহিলা কর্মী-সমর্থক। ‘জয় বাংলা’ স্লোগান উঠতে থাকে। সেই পরিস্থিতিতে তিনি ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল বাইরে থেকে লোক এনে এলাকায় ঢুকিয়েছে।
একদিকে যখন কালীঘাট এলাকায় তাঁকে ঘিরে প্রতিবাদের ছবি সামনে এসেছে, অন্যদিকে একেবারেই ভিন্ন দৃশ্য ধরা পড়ে তৃণমূলের একটি ক্যাম্পে। রাস্তার ধারে বসে ছিলেন তৃণমূলের কর্মীরা। সেই সময় সেখান দিয়ে যাওয়ার পথে শুভেন্দু তাঁদের দেখে ক্যাম্পের দিকে এগিয়ে যান। প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে তৃণমূল কর্মীরাও তাঁর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন। তিনি তাঁদের সঙ্গে করমর্দন করেন। এক মহিলা কর্মীকে তিনি বলেন, “আমাদের একসঙ্গে থাকা উচিত।” জবাবে ওই কর্মী সম্মতি জানান। এরপর এক তৃণমূল কর্মী তাঁকে ঠান্ডা পানীয় দেন, যা তিনি হেসে গ্রহণ করেন। তারপর আবার নিজের পথে এগিয়ে যান বিরোধী দলনেতা।







