জেলা

লুঙ্গি পরে বুথে ঢুকতে বাধা, নাতির প্যান্ট পরে ভোট দিলেন বৃদ্ধ—গাইঘাটায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘পোশাক ফতোয়া’র অভিযোগ

উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। লুঙ্গি পরে ভোট দিতে গিয়ে বুথে ঢুকতে বাধা পান এক বৃদ্ধ ভোটার। পরে বাধ্য হয়ে নাতির প্যান্ট পরে ফের বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

অভিযোগ, গাইঘাটার বেড়গুম ১ নম্বর পঞ্চায়েতের কুঁচলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আবদুল রউফ মণ্ডল সকালে স্বাভাবিকভাবেই লুঙ্গি পরে ভোট দিতে যান। কিন্তু বুথের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে আটকে দেয়। কেন তিনি লুঙ্গি পরে এসেছেন, সেই প্রশ্ন তুলে তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হয়। এমনকি লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না বলেও জানানো হয় বলে অভিযোগ।

বাড়ি ফিরে গিয়ে তিনি নাতির একটি প্যান্ট জোগাড় করেন। এরপর সেই প্যান্ট পরে আবার বুথে ফিরে গিয়ে ভোট দেন। আশ্চর্যের বিষয়, দ্বিতীয়বার আর কোনও বাধার মুখে পড়তে হয়নি তাঁকে।

শুধু আবদুল রউফ মণ্ডল নন, একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেও অভিযোগ উঠেছে। গ্রামাঞ্চলে যেখানে লুঙ্গি পরা সাধারণ ও স্বাভাবিক পোশাক, সেখানে এই ধরনের ‘পোশাক ফতোয়া’ জারি করার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং প্রতিবাদ শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিতে বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসে বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে লুঙ্গি পরে ভোট দিতে গেলে আর বাধা দেওয়া হয়নি বলে স্থানীয় সূত্রে খবর।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসকদলের তরফে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে। যদিও পুরো ঘটনায় প্রিসাইডিং অফিসার বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.