বেলদা: চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল রোগী-সহ যাত্রীবোঝাই একটি ওমনি মারুতি ভ্যান। বেলদা-কাঁথি রাজ্য সড়কের বাঁশিচক এলাকায় যান্ত্রিক গোলযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায় গাড়িটি। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুরচকের তুঁতরঙ্গা এলাকা থেকে এক রোগীকে নিয়ে বেলদায় চিকিৎসা করাতে এসেছিলেন পরিবারের সদস্যরা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথেই বাঁশিচক এলাকায় আচমকাই গাড়িটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। মুহূর্তের মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার এক দিক থেকে অন্য দিকে চলে গিয়ে সোজা নয়নজুলিতে পড়ে যায় ভ্যানটি।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। তাঁদের তৎপরতায় গাড়ির ভিতরে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানোয় স্বস্তিতে যাত্রীরা।







