খেলাধুলা

স্যান্ডপেপারগেট বিতর্কে ফের বিস্ফোরক দাবি ব্যানক্রফটের, ‘সব জানত গোটা দল, বলির পাঁঠা করা হয়েছিল আমায়’

২০১৮ সালের কেপটাউন টেস্ট। বল বিকৃতি বা ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারিতে সেসময় কার্যত কেঁপে উঠেছিল গোটা ক্রিকেট বিশ্ব। দীর্ঘ আট বছর পর সেই বিতর্কিত অধ্যায়ই নতুন করে শিরোনামে। এবার আলোচনার কেন্দ্রে উসমান খোয়াজার বিতর্কিত আত্মজীবনী। সেখানে তাঁর একাধিক বিস্ফোরক মন্তব্য ও অভিযোগ ঘিরে সরগরম ক্রিকেট মহল। খোয়াজার বক্তব্যের বিরোধিতা করেছেন প্যাট কামিন্স, মাইকেল ক্লার্ক এবং ডেভিড ওয়ার্নারের মতো প্রাক্তন তারকারা। এরই মধ্যে দীর্ঘদিনের নীরবতা ভেঙে মুখ খুললেন এই বিতর্কের অন্যতম অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফট। তাঁর দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের প্রত্যেকেই অবগত ছিলেন। অথচ শেষ পর্যন্ত সমস্ত দায় চাপানো হয়েছিল তাঁর উপর। অন্যদিকে, গোপনীয়তার আড়ালে নয়, গোটা ঘটনার প্রকাশ্য তদন্তের দাবি জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।

সম্প্রতি ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্রে একটি কলাম লিখে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ব্যানক্রফট। প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যই তাঁকে এতদিনের নীরবতা ভাঙতে বাধ্য করেছে বলে জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়কের বক্তব্যে নিজেকে অপমানিত, প্রতারিত এবং একাকী মনে হয়েছে বলেও উল্লেখ করেছেন এই প্রাক্তন ক্রিকেটার।

ব্যানক্রফটের বক্তব্য অনুযায়ী, ডারবান টেস্টে জয়ের পর অস্ট্রেলিয়া দলের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার তৈরি হয়েছিল। পরবর্তী পোর্ট এলিজাবেথ টেস্টে বল রিভার্স সুইং করানোর জন্য স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সেকার। স্টিভ স্মিথ নিজেকে এই পরিকল্পনা থেকে সরিয়ে রাখার চেষ্টা করলেও দলের বোলারদের সমর্থন ছিল বল বিকৃতির পক্ষে। মিচেল স্টার্ক, জশ হেজলউড থেকে শুরু করে তৎকালীন অধিনায়ক টিম পেইন—সকলেই বিষয়টি সম্পর্কে জানতেন বলে দাবি ব্যানক্রফটের।

তাঁর কথায়, বল বিকৃতির বিষয়ে দলের বোলারদের কাছ থেকে সরাসরি পরামর্শ পেয়েছিলেন তিনি। তাঁকে আরও কিছু করার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল। এমনকী পিটার হ্যান্ডসকম্বকে মাঠে পাঠিয়ে লেম্যানই শিরীষ কাগজ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর। কিন্তু গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই কেউ দায়িত্ব নিতে এগিয়ে আসেননি। বরং সমস্ত দোষ তাঁর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি ব্যানক্রফটের।

উল্লেখ্য, ২০১৮ সালের ওই কেলেঙ্কারির জেরে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে, ব্যানক্রফটকে ন’মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। দীর্ঘ আট বছর পর উসমান খোয়াজার আত্মজীবনী প্রকাশ্যে আসতেই সেই পুরনো বিতর্ক আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি স্বাধীন ফোরাম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা গোপনীয়তা বজায় রেখে নিজেদের বক্তব্য জানাতে পারবেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই প্রস্তাবে একেবারেই সন্তুষ্ট নন ডেভিড ওয়ার্নার। তাঁর দাবি, গোপন ফোরাম নয়, গোটা ঘটনার জন্য একটি স্বাধীন ও প্রকাশ্য তদন্ত হওয়া প্রয়োজন। সেদিনের ঘটনায় যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, প্রত্যেকেরই প্রকাশ্যে এসে নিজেদের বক্তব্য জানানো উচিত। ওয়ার্নারের মতে, বন্ধ দরজার আড়ালে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তার কর্মীদের মধ্যে কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তাই প্রকৃত সত্য সামনে আনতে প্রকাশ্য তদন্তই একমাত্র উপায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.