ফের বইপাড়ায় বইকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা! কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে SFI-এর বুকস্টলের পাল্টা স্টল বসাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়াল ABVP। বুধবার সকাল থেকেই কলেজ স্ট্রিট চত্বরে দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তার একদিকে SFI, অন্যদিকে ABVP এবং মাঝখানে পুলিশি ব্যারিকেড। উত্তেজনার জেরে কলেজ স্ট্রিটের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুকস্টল বসাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে SFI। পুলিশের অনুমতি না থাকার কথা জানিয়ে প্রায় ৫০ জন SFI কর্মী-সমর্থককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে জয়েন্ট সিপির সঙ্গে আলোচনার পর শর্তসাপেক্ষে বুকস্টল বসানোর অনুমতি মেলে। স্থায়ী স্টল করা যাবে না বলে জানায় পুলিশ।
এরপর বুধবার পাল্টা বুকস্টল বসানোর দাবিতে পথে নামে ABVP। তাদের অভিযোগ, SFI-এর স্টলে দেশবিরোধী বই বিক্রি হচ্ছে। তাদের দাবি, জাতীয়তাবাদী বইয়ের স্টল বসাতে দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের বই নিয়ে স্টল করার কথা জানায় ABVP।
পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও তা ভেঙে সামনে এগিয়ে আসেন ABVP সদস্যরা। শুরু হয় বিক্ষোভ, বচসা ও ধস্তাধস্তি। দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা।







