সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনেই দেশে ফিরলেন বীরভূমের বহুচর্চিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। মঙ্গলবার সকালেই ভারতে ফিরেছেন তিনি। তাঁর আইনজীবীর দাবি, টুলুর প্রত্যাবর্তনের বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে। এমনকী সিউড়ি আদালতেও এই তথ্য জানানো হয়েছে। মামলার তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়কেও প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে বলে দাবি আইনজীবীর।
কয়েক কোটি টাকা নগদ এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় একসময় সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন টুলু মণ্ডল। তাঁর বিপুল সম্পত্তি ও আয়কর সংক্রান্ত তথ্য সামনে আসতেই তদন্তকারীদের নজরে আসেন তিনি। পরবর্তীতে পুলিশ দাবি করে, দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন টুলু। দুবাই, নাকি তুরস্ক—তাঁর অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।
এই পরিস্থিতিতে গত ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্ধারিত সময়সীমার দিনেই ফিরলেন তিনি। তবে আপাতত বীরভূমে নয়, কলকাতায় রয়েছেন বলে জানা যাচ্ছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর টুলু মণ্ডলের প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে বলে দাবি। অভিযোগ, আগের সরকারের আমলে পথশ্রী প্রকল্প, নদীবাঁধ, রাস্তা ও ড্যাম নির্মাণের একাধিক কাজ বিভিন্ন সংস্থার মাধ্যমে পেতেন তিনি। এবার দেশে ফেরার পর তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর।







