বিদেশ

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন! নেপথ্যে কারা, তদন্তে পুলিশ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে এবার অগ্নিকাণ্ডের ঘটনা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে। বুধবার (১৮ নভেম্বর) রাত প্রায় ১১টা নাগাদ চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় তাঁর বাড়িতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়েই পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এই ঘটনায় এখনও পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। বাড়ির আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় নিরাপত্তার জন্য পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত সে দেশের রাজনৈতিক পরিস্থিতি। আগামী মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী বাংলাদেশে ফিরতে পারেন বলে ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভের খবর সামনে আসছে।

এরই মধ্যে বুধবার রাতে পিরোজপুরে আওয়ামী লিগ নেতা তথা প্রাক্তন মন্ত্রী শেখ মহম্মদ রেজাউল করিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্যদিকে, আওয়ামী লিগের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে নড়াইল ও ফরিদপুরে অন্তত তিন জন বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগও সামনে এসেছে।

পরপর হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তার মধ্যেই মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.