বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, নাম না করে তিনি প্রতিবেশী দেশ ভারতকেও পরোক্ষভাবে নিশানা করেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
লালমনিরহাটের এক জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে মানুষের স্বার্থ না দেখে শেখ হাসিনা এখন ‘সীমান্তের ওপারের’ একটি দেশে আশ্রয় নিয়েছেন। সেই ‘সীমান্তের ওপারের প্রভুদের’ খুশি করতেই আওয়ামী লীগ বাংলাদেশে অশান্তি ও ষড়যন্ত্র ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন। তবে তাঁর এই মন্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগামী মাসে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর জেরে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার খবর মিলেছে। এছাড়া, গত আগস্ট থেকে চলা পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনের পেছনেও আওয়ামী লীগের উস্কানি রয়েছে বলে দাবি করেছে শাসক দল বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং শ্রমিক অসন্তোষ সামাল দিতে তারেক সরকার বেশ চাপে রয়েছে। নিজেদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এবং জনগণের নজর ঘোরাতেই তিনি ‘বিদেশি প্রভু’র ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে।







