বিশ্বজুড়ে একের পর এক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসছে। প্রযুক্তি সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্কিং ক্ষেত্র, বাদ যাচ্ছে না কোনও শিল্পই। এবার সেই তালিকায় যুক্ত হল আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা লুফথান্সা (Lufthansa)। আর্থিক চাপ সামাল দিতে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে জার্মানির এই বিমান সংস্থা। জানা যাচ্ছে, মূলত মিউনিখ ও ফ্রাঙ্কফুর্টে কর্মরত স্থায়ী কর্মীদের উপরেই এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।
**কেন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত?**
সংস্থার আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্রমবর্ধমান জ্বালানির দাম, পরিচালন ব্যয়ের বৃদ্ধি এবং বিমান পরিষেবায় দুর্বল পারফরম্যান্সের কারণে চাপের মুখে পড়েছে লুফথান্সা। সেই পরিস্থিতিতে খরচ কমিয়ে ব্যবসাকে লাভজনক করে তোলার লক্ষ্যেই কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মিউনিখ ও ফ্রাঙ্কফুর্টের স্থায়ী কর্মীদের মধ্যে ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিমান পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন আনতে চলেছে সংস্থা। এয়ারবাস A320 বিমানের সংখ্যা কমিয়ে তুলনামূলক ছোট A220 মডেলের বিমান ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
**আগেও কর্মী সংখ্যা কমানোর ঘোষণা করেছিল সংস্থা**
লুফথান্সার কাছে কর্মী ছাঁটাই অবশ্য নতুন ঘটনা নয়। এর আগে গত সেপ্টেম্বরেই সংস্থার তরফে জানানো হয়েছিল, ২০৩০ সালের মধ্যে প্রায় ৪,০০০ পদ কমানো হবে। এবার নতুন করে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সেই আর্থিক পুনর্গঠনের উদ্যোগকে আরও জোরালো করল।
সংস্থার আর্থিক হিসাবেও উদ্বেগের ছবি উঠে এসেছে। চলতি বছরের প্রথম ন’মাসে পরিচালন খরচের ক্ষেত্রে ১৮০ মিলিয়ন ইউরোর লোকসানের মুখে পড়েছে তারা।
**যুদ্ধ, ধর্মঘট ও জ্বালানির দামেও বাড়ছে চাপ**
সংস্থার ম্যানেজমেন্টের তরফে কর্মীদের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, গত দু’বছর ধরে ব্যবসাকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে। কিন্তু আগের পদক্ষেপগুলি বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট হচ্ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানির উচ্চমূল্য, টানা নয় দিনব্যাপী ধর্মঘট এবং অতিরিক্ত পরিচালন ব্যয় সংস্থার আর্থিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
সব মিলিয়ে খরচ কমানো এবং ব্যবসার কাঠামোয় পরিবর্তন আনার পথেই হাঁটছে লুফথান্সা। তবে প্রস্তাবিত ছাঁটাইয়ের ফলে ঠিক কোন কোন পদে কতজন কর্মী চাকরি হারাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।







