শীতের সন্ধ্যায় গরম গরম রুটি বা পরোটার সঙ্গে সুস্বাদু কোনও তরকারি থাকলে খাওয়াটা বেশ জমে যায়। কিন্তু রোজকার আলুর দম কিংবা ডাল খেতে খেতে একঘেয়েমি লাগতেই পারে। স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি। পোড়া বেগুনের ধোঁয়াটে গন্ধ, টমেটোর হালকা টক স্বাদ আর ধনেপাতার সুগন্ধে এই পদ হয়ে উঠবে দারুণ সুস্বাদু। সবচেয়ে বড় কথা, রান্নার জন্য প্রয়োজন হবে না খুব বেশি উপকরণ।
**কী কী লাগবে?**
– বড় বেগুন – ১টি (প্রায় ৪০০ গ্রাম)
– বড় টমেটো – ১টি
– পেঁয়াজ কুচি – ১টি মাঝারি
– আদা কুচি – ১ চা চামচ
– রসুন কুচি – ১ চা চামচ
– কাঁচালঙ্কা কুচি – ২টি
– ধনেপাতা কুচি – ৩ টেবিল চামচ
– সর্ষের তেল – ৪ টেবিল চামচ
– নুন – স্বাদমতো
– গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ
**কীভাবে বানাবেন?**
প্রথমে বেগুন ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর গ্যাসের আঁচে বেগুনটি চারদিকে ঘুরিয়ে ১০-১২ মিনিট পুড়িয়ে নিন। খোসা কালচে হয়ে ভিতরের অংশ নরম হয়ে এলে নামিয়ে রাখুন। একইভাবে টমেটোও ৫-৬ মিনিট পুড়িয়ে নিন।
বেগুন ও টমেটো ঠান্ডা হলে বেগুনের পোড়া খোসা ছাড়িয়ে ভিতরের অংশ ভালো করে মেখে নিন। টমেটোর পোড়া আস্তরণ সরিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন।
এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ২-৩ মিনিট ভাজুন। পেঁয়াজ হালকা সোনালি হলে আদা ও রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর কাঁচালঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিন।
এবার কড়াইয়ে মেখে রাখা বেগুন ও টমেটো দিয়ে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে রান্না করুন। এরপর নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও ১-২ মিনিট নাড়াচাড়া করতে থাকুন।
সবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে আরও একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি টমেটো-ধনেপাতা বেগুন মাখানি।
**পরিবেশন করবেন কীভাবে?**
গরম গরম ফুলকো রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে পরিবেশন করুন এই পদ। পোড়া বেগুনের বিশেষ স্বাদ আর টমেটো-ধনেপাতার মেলবন্ধন শীতের রাতের সাধারণ খাবারকেও করে তুলবে একটু অন্যরকম।







