পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় সেনার প্রত্যাঘাতের জেরে দেশজুড়ে জারি হয়েছে চরম সতর্কতা। এর আঁচ পড়েছে দেশের বিমান পরিষেবাতেও। উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের প্রায় ২৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এই অচলাবস্থা চলবে আগামী ১০ মে, শনিবার পর্যন্ত। বাতিল করা হয়েছে ৪৩০টি উড়ান।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ভোগে পড়েছেন বহু যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার এবং বেশ কিছু বিদেশি বিমান সংস্থা তাদের উড়ান বাতিল করেছে। শুধুমাত্র ভারতীয় বিমান সংস্থাগুলিই ৪৩০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রাথমিকভাবে ১৭টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি আরও ঘোরালো হওয়ায় এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭-এ। বিশেষ করে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিমানবন্দরগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, ভারত-পাকিস্তান সীমান্তের আকাশপথে বিমান চলাচল প্রায় বন্ধ। কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত আকাশপথ কার্যত শুনশান। আন্তর্জাতিক বিমানগুলিও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারতীয় বিমানবন্দরে অবতরণ করছে।
যে বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পাঠানকোট, ভুজ, গ্বালিয়র এবং হিন্ডন। এই পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে উড়ানের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







