দেশ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধের অভিযোগ, হায়দরাবাদে মেটার অফিসে ঢুকে যুব কংগ্রেসের বিক্ষোভ ও ভাঙচুর

ইনস্টাগ্রামে কংগ্রেস নেতাদের অ্যাকাউন্টে বিধিনিষেধ জারি করা হচ্ছে, এই অভিযোগ তুলে এবার সরাসরি মেটার দফতরে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। শুক্রবার হায়দরাবাদে সংস্থার অফিসে ঢুকে স্লোগান দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তাঁদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলের টব, গাছপালা এবং অফিসের আসবাবপত্র। ঘটনার পর ২১ জন যুব কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ, যুব কংগ্রেসের পতাকা হাতে একদল কর্মী জোর করে মেটার হায়দরাবাদ অফিসে প্রবেশ করেন। ভিতরে ঢুকেই ‘মেটা ডাউন ডাউন’ স্লোগান দিতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মেটা, মেরুদণ্ড সোজা করো। বিজেপি-আরএসএসের দালালি কোরো না।’

অফিসের নিরাপত্তারক্ষীরা প্রথমে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলেও তাঁদের বাধা দেওয়া সম্ভব হয়নি। এরপর অফিসের ভিতরে ফুলের টব ও আসবাবপত্রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করা সম্ভব হয়নি। সেগুলিতে দেখা গিয়েছে, মেঝেতে ছড়িয়ে রয়েছে গাছের মাটি এবং উপড়ে পড়ে রয়েছে গাছপালা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে রায়দুর্গম থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করে তেলঙ্গানা যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দলের নেতা, সাংবাদিক এবং স্বাধীনভাবে মতপ্রকাশ করা ব্যক্তিদের কণ্ঠরোধ করছে মেটা। সংগঠনের দাবি, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বৃহস্পতিবার মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

যুব কংগ্রেসের সমাজমাধ্যম শাখার প্রধান মনু জৈন এই ঘটনায় সরাসরি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই মেটা এমন পদক্ষেপ করছে। শুধু তাই নয়, সংগঠনের জাতীয় ও রাজ্যস্তরের অ্যাকাউন্ট থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি পোস্ট কোনওরকম পূর্বঘোষণা ছাড়াই সরিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

তবে মেটার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। এর আগে নিট প্রশ্নফাঁসের ঘটনায় আন্দোলন চলাকালীনও একই ধরনের অভিযোগ তুলেছিল কংগ্রেসের একাংশ। সেই সময় দলের নেতারা দাবি করেছিলেন, তাঁদের একাধিক পোস্ট এবং অ্যাকাউন্ট মুছে দেওয়া হচ্ছে। বিভিন্ন পোস্টের তথ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই অভিযোগকে কেন্দ্র করেই সরাসরি আন্দোলনে নামল যুব কংগ্রেস।

মেটাকে সমস্যা সমাধানের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠন। তাদের দাবি, এই সময়ের মধ্যে বিরোধী দলের নেতা, ইনফ্লুয়েন্সার এবং সাংবাদিকদের স্থগিত বা বিধিনিষেধের আওতায় থাকা অ্যাকাউন্টগুলি স্বাভাবিক করতে হবে। অন্যথায় দেশের বিভিন্ন শহরে মেটার দফতরের সামনে আন্দোলন আরও জোরদার করা হবে। এমনকী সংস্থার অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। যুব কংগ্রেসের সমাজমাধ্যম পোস্টে লেখা হয়েছে, ‘সেন্সরশিপ বন্ধ করো। কাউন্টডাউন শুরু।’

সংগঠনের বার্তা থেকে স্পষ্ট, হায়দরাবাদের ঘটনাতেই আন্দোলন থামাতে চাইছে না যুব কংগ্রেস। ‘হায়দরাবাদ, গুরুগ্রাম, মুম্বই’—এই তিন শহরের নাম উল্লেখ করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও হায়দরাবাদ ছাড়া অন্য কোনও শহরে ইতিমধ্যে একই ধরনের বিক্ষোভ হয়েছে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত তথ্য সামনে আসেনি।

অন্যদিকে, গোটা ঘটনা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি মেটা। এই পরিস্থিতিতে সংস্থার কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, এর আগে আদিবাতলায় টিসিএসের ক্যাম্পাসের বাইরেও বিক্ষোভের ঘটনা ঘটেছিল। সেখানে অয়্যাপ্পা দীক্ষা পালনকারী এক কর্মী অভিযোগ করেছিলেন, ধর্মীয় পোশাক পরার কারণে তাঁকে অফিসে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে মেটার অফিসে বিক্ষোভের কোনও যোগসূত্র নেই। দু’টি সম্পূর্ণ পৃথক ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.