বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন তিনি। শিকাগো বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিতে গিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর দাবি, বিশ্ব রাজনীতিতে বর্তমানে ভারতকে কার্যত গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যদিকে, পাকিস্তান আমেরিকা ও ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছে। রাহুলের এই মন্তব্য সামনে আসতেই পালটা আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে তাঁকে ‘পাকিস্তানের ফ্যানবয়’ বলেও কটাক্ষ করা হয়েছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে রাহুল বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভারত বরাবরই যথেষ্ট সচেতন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। আয়তন ও গুরুত্বের নিরিখে ভারত একটি বৃহৎ রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক স্তরের প্রতিটি আলোচনায় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কার্যত একপাশে সরিয়ে রাখা হয়েছে। অথচ পাকিস্তান আমেরিকা ও ইরানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেও মন্তব্য করেছেন রাহুল। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী প্রত্যেককেই নিজের বন্ধু বলে দাবি করেন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শুধুমাত্র বন্ধুত্বের কোনও মূল্য নেই। ভূরাজনীতির ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক কোনও কাজে আসে না বলেও মন্তব্য করেন তিনি।
রাহুলের বক্তব্য প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র সিআর কেশবন সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে তাঁকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতার আচরণ দেখে মনে হচ্ছে তিনি পাকিস্তানের হয়ে সওয়াল করছেন। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে রাহুলের অজ্ঞতাই তাঁর মন্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও একই ইস্যুতে রাহুলকে নিশানা করেছেন। তাঁর প্রশ্ন, পাকিস্তানকে নিয়ে রাহুল গান্ধীর এত আগ্রহ কেন? আন্তর্জাতিক মঞ্চে পৌঁছলেই তাঁকে পাকিস্তানের সমর্থকের মতো আচরণ করতে দেখা যায় বলেও কটাক্ষ করেছেন তিনি।
এদিকে, আমেরিকা সফরে গিয়ে ভোটচুরির অভিযোগ নিয়েও নতুন করে সরব হয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ২০১৪ সালে বিজেপি প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসার সময়ও ভোটে কারচুপি হয়েছিল। যদিও সেই সময়ে দলের অভ্যন্তরীণ চাপের কারণে তিনি প্রকাশ্যে এই অভিযোগ তুলতে পারেননি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর কংগ্রেসের অন্দরেও নানা প্রশ্ন উঠেছিল বলে জানিয়েছেন রাহুল। তাঁর আরও দাবি, ভোট কারচুপির পক্ষে প্রমাণ হাতে আসার পরেও তিনি সেই সময় মুখ খুলতে পারেননি। দলের কয়েকজন প্রবীণ নেতা তাঁকে অভিযোগ প্রকাশ্যে না আনার জন্য চাপ দিয়েছিলেন বলেও দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা।







