বিনোদন

রিয়্যালিটি শোয়ের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু টেকনিশিয়ানের, শোকস্তব্ধ টলিপাড়া

টালিগঞ্জের বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। রিয়্যালিটি শোয়ের সেটে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। শুক্রবার সন্ধ্যায় জোকা নারায়ণী স্টুডিওতে ঘটে এই ঘটনা। মৃতের নাম চন্দ্রকান্ত। তিনি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে টলিপাড়ায়।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হরিদেবপুর থানা এলাকার নারায়ণী স্টুডিওতে একটি রিয়্যালিটি শোয়ের শেড তৈরির কাজ চলছিল। সেই কাজেরই অংশ হিসেবে ফ্লেক্স লাগাচ্ছিলেন চন্দ্রকান্ত। সিঁড়ি ব্যবহার করে প্রায় ২০ ফুট উঁচুতে উঠে কাজ করার সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর উপর থেকে নীচে পড়ে যান তিনি।

ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।

এই ঘটনার পর আপাতত স্টুডিওতে সংশ্লিষ্ট শোয়ের সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, মৃত টেকনিশিয়ানের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হবে। পাশাপাশি, কাজের জায়গায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিশ্চিত করার পরেই ফের শুটিং ও অন্যান্য কাজ শুরু হবে।

কাজ করতে গিয়ে এক কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে শোকের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.