বিনোদন

রিকশা থেকে সৌরভকে ফেলে দেওয়ার অভিযোগ, বিতর্কের মাঝেই মাঝরাতে বড় সিদ্ধান্ত জীতুর! ফিরিয়ে দিতে চান টিকিট টু ফিনালে

বিগ বস বাংলার ঘরে টিকিট টু ফিনালে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। একটি টাস্ককে কেন্দ্র করে জীতু কমল ও সৌরভ দাসের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ, টাস্ক চলাকালীন রিকশা থেকে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেন জীতু। ছাউনি ভেঙে মাটিতে পড়ে চোট পান সৌরভ। এই ঘটনাকে কেন্দ্র করে এবার জীতুর বিরুদ্ধে সরব হলেন সৌরভের পরিবারের সদস্যরা। অন্যদিকে, বিতর্কের মধ্যেই গভীর রাতে টিকিট টু ফিনালে ফিরিয়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নতুন চমক দিয়েছেন জীতু।

**জীতুর আচরণ নিয়ে ক্ষুব্ধ সৌরভের পরিবার**

ঘটনার পর একটি সাক্ষাৎকারে সৌরভের বাবা-মা তাঁদের উদ্বেগ ও ক্ষোভের কথা জানিয়েছেন। সৌরভের মায়ের অভিযোগ, যেভাবে জীতু তাঁকে রিকশা থেকে ফেলে দিয়েছেন, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, এই ঘটনায় সৌরভের মুখেও গুরুতর আঘাত লাগতে পারত। সৌরভের মা আরও দাবি করেন, তাঁর ছেলে নিয়ম মেনে খেলতে পছন্দ করেন। প্রতিপক্ষকে আঘাত করে জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতা তাঁর নেই।

জীতুর আচরণ নিয়ে আরও কড়া মন্তব্য করেছেন সৌরভের মা। তাঁর দাবি, বিগ বসের ঘরে এর আগেও জীতুর আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। লোহার রড দিয়ে ঘর ভাঙার হুমকি, খাবারে অতিরিক্ত লঙ্কা বা চিনি মেশানো এবং নিরঞ্জনকে ভয় দেখানোর মতো ঘটনাও তুলে ধরেছেন তিনি। পাশাপাশি জীতুর আচরণ নিয়ে তাঁর মানসিক সুস্থতার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন সৌরভের মা। তবে এগুলি তাঁর ব্যক্তিগত অভিযোগ।

**কী হয়েছিল রিকশার টাস্কে?**

টিকিট টু ফিনালের শেষ পর্যায়ের টাস্কে একটি রিকশায় পাশাপাশি বসেছিলেন জীতু ও সৌরভ। নিয়ম অনুযায়ী, অন্য প্রতিযোগীরা নানা ভাবে তাঁদের বিরক্ত করতে পারবেন, তবে রিকশায় ধাক্কা দেওয়া বা ঝাঁকানো নিষিদ্ধ ছিল। সেই সময় অনুশ্রী ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা গরম করে ধোঁয়া তৈরি করেন। অন্যদিকে, রাজবীর দু’জনের হাতে ফোম লাগাতে থাকেন।

এরই মধ্যে সৌরভ কিছুটা নিচু হতেই তাঁকে ধাক্কা দেন জীতু বলে অভিযোগ। রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে যান সৌরভ। আঘাতও পান তিনি। এই ঘটনার পর ঘরের একাধিক প্রতিযোগী জীতুর কাজের সমালোচনা করেন।

সৌরভের বক্তব্য অনুযায়ী, টাস্ক চলাকালীন জীতু তাঁকে শিবের দিব্যি কেটে স্বেচ্ছায় হার মেনে নেওয়ার কথা বলেছিলেন। তবে সৌরভ তাতে রাজি হননি। চোট পাওয়ার পরেও শেষ পর্যন্ত জীতুর সঙ্গে হাত মিলিয়ে টাস্ক থেকে সরে আসেন তিনি।

**নেটপাড়ায় শুরু বিতর্ক**

ঘটনার ভিডিও সামনে আসতেই দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। জীতুর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। একই সঙ্গে পুরো ঘটনাটি সামনে ঘটলেও সৃজলা কেন কোনও প্রতিবাদ করেননি, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এর আগে মনামীর মাও জীতুর আচরণ নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। এবার তাঁর সেই বক্তব্যের প্রসঙ্গও টেনে এনেছেন সৌরভের মা।

**জিতেও টিকিট ফিরিয়ে দিতে চান জীতু!**

বিতর্কের মধ্যেই বিগ বস জীতুকে টিকিট টু ফিনালের বিজয়ী ঘোষণা করেন। সৌরভের লড়াইয়েরও প্রশংসা করা হয়। কিন্তু রাত গভীর হতেই বদলে যায় পরিস্থিতি। ঘরের অন্য প্রতিযোগীরা ঘুমিয়ে পড়ার পর কনফেশন রুমের সামনে গিয়ে বিগ বসের কাছে টিকিট ফিরিয়ে নেওয়ার আবেদন জানান জীতু।

তাঁর বক্তব্য, কোনও নিয়মের সমস্যা না থাকলে বিগ বস যেন টিকিটটি ফিরিয়ে নেন। প্রয়োজনে শনিবার দাদার দরবারেও তিনি সেটি জমা দিতে প্রস্তুত। জীতু জানান, আগামী দু’সপ্তাহ নিজের লড়াইয়ের মাধ্যমে ফাইনালে পৌঁছতে চান তিনি।

টিকিট জেতার পরেও তা ফিরিয়ে দেওয়ার এই আবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার বিগ বস জীতুর আর্জি মেনে নেন কি না, নাকি আগের সিদ্ধান্তেই অনড় থাকেন, সেদিকেই নজর দর্শকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.