বাংলাদেশের রাজশাহীতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভাঙার কাজ অব্যাহত। এবার বাড়িটির আরও একটি ঘরের দেওয়াল গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সংলগ্ন একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। সম্প্রতি রাজশাহীর ঘোড়ামারা এলাকার মিঞাপাড়ায় গিয়ে এমনই ছবি তুলে ধরেছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। এই খবর সামনে আসতেই দুই বাংলার সংস্কৃতিকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বুধবার ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। প্রতিবাদে শামিল হয়েছেন ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’-র সদস্যরাও। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটিকে ঐতিহাসিক সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়ে সংরক্ষণের দাবি জানানো হচ্ছে। কিন্তু সেই আবেদনে গুরুত্ব না দিয়ে পরিকল্পিতভাবে ঋত্বিকের স্মৃতিবিজড়িত বাড়িটির অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ঘরটির দেওয়াল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে, সেখানেই একসময় পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ঘরের দেওয়ালজুড়ে আঁকা ছিল ঋত্বিক ঘটকের ছবি। পাশাপাশি লেখা ছিল তাঁর পরিচালিত একাধিক কালজয়ী চলচ্চিত্রের নাম। তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি বছরের ৪ নভেম্বরও ওই ঘরেই ঘটা করে উদযাপন করা হয়েছিল পরিচালকের ১০১তম জন্মবার্ষিকী।
স্থানীয় সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাতের দাবি, ২০২৪ সালের পর থেকে অন্তত তিন-চারবার বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। তাঁর অভিযোগ, প্রথমদিকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাড়ির বড় অংশ ধ্বংস করা হয়। বর্তমানে শ্রমিক ও মিস্ত্রিদের কাজে লাগিয়ে অবশিষ্ট অংশও ধাপে ধাপে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। অবিলম্বে এই ঐতিহাসিক বাড়ির যথাযথ সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ‘ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি’-র সদস্য-সচিব আতিকুর রহমানের নিশানায় রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর অভিযোগ, বাড়িটি পরিষ্কার করার কথা বলে শ্রমিকদের দিয়ে আসলে ভাঙার কাজ করানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই কাজ বন্ধ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক বাড়িটি ধ্বংস করে ওই জমি দখল করতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে এই অমূল্য ঐতিহাসিক সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন আতিকুর।
ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি ভাঙার ঘটনায় নতুন করে সামনে এসেছে গত বছরের আরেকটি বিতর্কিত ঘটনা। ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমলে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছিল। ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে অবস্থিত ঐতিহাসিক বাড়িটি একসময় শিশু অ্যাকাডেমি হিসেবে ব্যবহৃত হত। সেখানে বহুতল ভবন তৈরির পরিকল্পনা ঘিরেই শুরু হয়েছিল ভাঙার কাজ। তবে বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ এবং সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত বাড়িটি ভাঙার কাজ স্থগিত রাখতে বাধ্য হয় প্রশাসন।
এবার ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত বাড়ির ক্ষেত্রেও প্রশাসন কী ভূমিকা নেয়, তা নিয়ে তৈরি হয়েছে জোরদার কৌতূহল। দুই বাংলার সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের মানুষের দাবি, অবিলম্বে হস্তক্ষেপ করে এই ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের ব্যবস্থা করা হোক।







