শীতের মরশুমে পিঠে-পুলি, লেপ-কম্বলের আরাম উপভোগ করেন অনেকেই। কিন্তু এই মরশুমই বয়স্ক এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। চিকিৎসকদের মতে, শীতকালে নিয়মিত ওষুধ খাওয়ার পরেও অনেকের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। শুধু সুগার নয়, ঠান্ডার প্রভাবে রক্তচাপ ও রক্ত সঞ্চালনেও সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের শুরু থেকেই বাড়তি সতর্কতা প্রয়োজন।
**কেন শীতে বাড়ে রক্তে শর্করার মাত্রা?**
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, ঠান্ডা আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে নানা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। শীতের সময় শারীরিক পরিশ্রম ও হাঁটাচলার পরিমাণ কমে যাওয়া, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব পড়ার কারণে রক্তে শর্করার নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। বিশেষত বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা বেশি নজরে আসে।
এ ছাড়া ঠান্ডায় শরীরের হাত-পা-সহ বিভিন্ন অংশের রক্তনালী সংকুচিত হয়ে যায়। ফলে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। যাঁদের ডায়াবেটিস বা পেরিফেরাল আর্টারি ডিজিজ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও জটিল আকার নিতে পারে। রক্তনালী সংকুচিত হওয়ার কারণে রক্তচাপ বাড়ার পাশাপাশি হৃদযন্ত্রের উপরেও চাপ পড়তে পারে।
**পায়ের সামান্য ক্ষত থেকেও বড় বিপদ!**
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শীতকালে পায়ের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ঠান্ডায় ত্বক শুষ্ক হয়ে যাওয়া, গোড়ালি ফাটা খুবই সাধারণ সমস্যা। কিন্তু ডায়াবেটিস থাকলে পায়ের রক্ত সঞ্চালন কমে যাওয়া এবং ক্ষত সারতে দেরি হওয়ার কারণে সামান্য ফাটল থেকেও সংক্রমণ বা আলসার তৈরি হতে পারে।
তাই প্রতিদিন পায়ের পাতা, গোড়ালি এবং আঙুলের ফাঁক ভালো করে পরীক্ষা করা প্রয়োজন। কোথাও ক্ষত, ফাটল, লালচে ভাব বা অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
**শীতে সুস্থ থাকতে কী কী করবেন?**
বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যা ও হাইপোথার্মিয়ার ঝুঁকি কমাতে ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখার পরামর্শ দেওয়া হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের (NIA) পরামর্শ অনুযায়ী, ঘরের তাপমাত্রা অন্তত ৬৮ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো।
পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি—
১. একটি মোটা পোশাকের বদলে একাধিক হালকা পোশাক পরুন, যাতে শরীরের উষ্ণতা বজায় থাকে।
২. ত্বকের শুষ্কতা কমাতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে পায়ের আঙুলের ফাঁকে ক্রিম লাগানো এড়িয়ে চলুন।
৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন।
৪. পর্যাপ্ত জল পান করুন এবং সুষম খাবার খান। মিষ্টি ও অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
৫. শারীরিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত হাঁটাচলা ও হালকা ব্যায়াম করুন।
শীত মানেই আনন্দ ও উৎসবের মরশুম। তবে ডায়াবেটিসে আক্রান্ত বয়স্কদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় সমস্যার কারণ হতে পারে। তাই নিয়মিত সুগার পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস এবং পায়ের যত্নের মাধ্যমেই শীতকাল নিরাপদে কাটানো সম্ভব।







