রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুর বিরুদ্ধে বাগুইআটি থানায় দায়ের হল এফআইআর। এই অভিযোগের তালিকায় শুধু প্রাক্তন দুই মন্ত্রীর নামই নয়, উঠে এসেছে রাজ্যের একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের নামও। ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্থা, তোলাবাজি এবং দুর্নীতির মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে এক সমাজকর্মী বাগুইআটি থানায় প্রাক্তন দুই মন্ত্রী-সহ সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১২ নভেম্বর বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানার আইসির কাছে ওই অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে খবর। সেখানে ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মতো একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে।
অভিযোগগুলির সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। অভিযোগকারীর দাবি অনুযায়ী, ঠিক কী পরিস্থিতিতে এবং কবে ঘটনাগুলি ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগপত্রে নাম থাকা সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই মামলার তদন্ত চালাচ্ছে ইডি এবং কলকাতা পুলিশ। তদন্তের আওতায় রয়েছেন প্রাক্তন মন্ত্রীর স্ত্রী ও মেয়েও। এমন পরিস্থিতিতে নতুন অভিযোগে ফের আইনি জটিলতায় জড়ালেন ইন্দ্রনীল। অন্যদিকে, ব্রাত্য বসুর নামও এই এফআইআরে উঠে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা।







