তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক নিয়ে আইনি লড়াই যখন ক্রমশ জটিল হচ্ছে, ঠিক সেই সময়েই বিরোধী শিবিরকে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে দাঁড়িয়েই কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, “জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল-আছে-থাকবেই। সাতদিন খালি দাঁড়ান।” তাঁর আরও দাবি, কীভাবে থানায় পুলিশের কাছে এফিডেভিট জমা পড়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে। এমনকী বড় পর্দায় যাবতীয় নথি ও তথ্য তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে নিজেদের অবস্থান জানিয়ে নথি জমা দিয়েছে কালীঘাটের তৃণমূল শিবির। গত রবিবার দিল্লিতে গিয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেনের প্রতিনিধিরা কমিশনের দপ্তরে ওই নথি জমা দেন। সেদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়ক তাঁদের পক্ষে হলফনামা জমা দিয়েছেন। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার ১৭ জন সাংসদ, মেঘালয়ের পাঁচজন এবং অসমের একজন বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হলফনামা দিয়েছেন বলে জানান শ্রীরামপুরের সাংসদ। তাঁর এই দাবিকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়। কল্যাণের হিসাব অনুযায়ী, ৩২ জন বিধায়ক তাঁদের দিকে থাকলে ঋতব্রত শিবিরের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৪৮।
এদিকে প্রতীক নিয়ে চলা বিতর্কের আবহে মুখ খুলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও। তাঁর বক্তব্য, কয়েক দিনের মধ্যেই প্রতীক তাঁদের হাতে এলে গোটা বাংলা ‘ওহ লাভলি’ শুনতে পাবে।
অন্যদিকে অভিষেকের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন বিরোধী শিবিরের বিধায়ক আখরুজ্জামান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এই বিধায়কের কটাক্ষ, “উনি এখন শান্তিতে ঘুমোন। এরপর যেন না বলেন সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন অন্যায় করেছে।” প্রতীক এবং দলের তহবিল তাঁদের শিবিরের হাতেই আসবে বলেও দাবি করেছেন তিনি।
সব মিলিয়ে তৃণমূলের নাম, প্রতীক ও দলীয় তহবিলের অধিকার নিয়ে দুই শিবিরের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত ঘাসের উপর জোড়াফুল প্রতীকের মালিকানা কার হাতে থাকে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







