দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ জোর করে প্রবেশের চেষ্টা করতেই নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আটক এক ব্যক্তি। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বৈধ ভ্রমণ নথি ছাড়াই ডিপারচার টার্মিনালে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। তবে CISF-এর সতর্ক কর্মীরা মুহূর্তের মধ্যেই তাঁর গতিবিধি বুঝতে পেরে আটক করেন।
CISF-এর Quick Response Team (QRT)-এর সহায়তায় দ্রুত ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কোনও বড় ধরনের বিঘ্ন ঘটার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।
ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যদিও ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। CISF-এর তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মীরা সর্বদা সতর্ক রয়েছেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।







