দেশ

বিতর্কের মধ্যেই কমিশনের ফুলবেঞ্চ বৈঠক, SIR নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত

বিতর্কের আবহের মধ্যেই শনিবার বৈঠকে বসল জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ছিলেন দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিং সান্ধু। নির্বাচন সদনে ‘ত্রয়ী’র এই বৈঠকে SIR বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, SIR-এর নোটিস পাওয়া ব্যক্তিদের শুনানির জন্য বাধ্যতামূলকভাবে ERO বা AERO দফতরে সশরীরে হাজির হতে হবে না। বিশেষ পরিস্থিতি না থাকলে অনলাইনেই শুনানি করা যাবে। এমনকি প্রয়োজনে নোটিস পাওয়া ব্যক্তির পরিবর্তে তাঁর পরিবারের অন্য কোনও সদস্যও শুনানিতে উপস্থিত হতে পারবেন।

এছাড়াও SIR-এর নোটিস পাওয়া ব্যক্তিদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তা ECI-Net অ্যাপে আপলোড করবেন তাঁরা। এরপর ভোটারের যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ERO। কমিশনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া নোটিস পাওয়া ব্যক্তিদের ERO বা AERO অফিসে ডাকার প্রয়োজন হবে না।

এদিকে দিল্লিতে SIR সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ অক্টোবর পর্যন্ত দাবি বা আপত্তি জমা দেওয়া যাবে। মহারাষ্ট্রের ক্ষেত্রেও সময়সীমা বাড়িয়ে ১২ অক্টোবর করা হয়েছে। পশ্চিমবঙ্গে SIR-এর কারণে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্যও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, SIR-এর নোটিস পেলেই সঙ্গে সঙ্গে শুনানিতে হাজির হওয়ার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে বিভিন্ন বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর দুই সতীর্থের মতবিরোধ তৈরি হয়েছে। অন্তত ১৪টি ক্ষেত্রে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে ভিন্নমত জানিয়েছিলেন বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়। অভিযোগ, সেই আপত্তি সত্ত্বেও জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই জাতীয় রাজনীতিতে শুরু হয় তীব্র বিতর্ক। বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ও ঐক্যমতের ভিত্তিতেই নেওয়া হয়।

এই পরিস্থিতির মধ্যেই শনিবার কমিশনের ফুলবেঞ্চের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কমিশনের তরফে বৈঠকের ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে একই টেবিলে দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী ও সুখবীর সিং সান্ধুকেও দেখা গিয়েছে। বৈঠকে SIR-সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.