কাশ্মীর উপত্যকায় বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম সফর শুরু হতে চলেছে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত এই নতুন রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরকে রেলপথে সম্পূর্ণভাবে যুক্ত করবে। আগামী ৬ জুন প্রধানমন্ত্রী শ্রীনগরে পৌঁছে এই ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধন করতে পারেন। ইতিমধ্যেই চলছে জোরকদমে প্রস্তুতি।
তবে এই আনন্দঘন মুহূর্তকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। কারণ, গত ১৯ এপ্রিল এই রেলপথের উদ্বোধনের কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। সরকারি ভাবে জানানো হয়েছিল, খারাপ আবহাওয়ার জন্যই সফর স্থগিত। কিন্তু তার তিনদিন পরেই পহেলগাঁওয়ে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। প্রাণ হারান নিরীহ পর্যটকরা।
এই ঘটনার পর গোয়েন্দা রিপোর্ট সামনে আসায় বিতর্ক আরও গভীর হয়। রিপোর্টে দাবি, আগেই জঙ্গি হামলার আশঙ্কা ছিল এবং প্রধানমন্ত্রীর দফতরেও তা পাঠানো হয়েছিল। এমনকি জবরবান রেঞ্জে সতর্কতাও জারি করা হয়েছিল, যদিও সেখান থেকে কোনও হুমকি মেলেনি। কিন্তু ঠিক একই দিনে পহেলগাঁওয়ে হামলা হয়।
বিরোধীরা প্রশ্ন তুলেছেন, আগাম তথ্য থাকা সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়নি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে বলেন, “নিজের সফর বাতিল করলেও, সাধারণ মানুষের সুরক্ষায় কেন ব্যর্থতা?”
এই সব কিছুর মধ্যেই বন্দে ভারত উদ্বোধনের প্রস্তুতি চলছে জোরকদমে। প্রশাসনের দাবি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে রাজনীতির উত্তাপ কিন্তু থামছে না।







