মঙ্গলবার পঞ্জাবে ফের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। ধৃতের নাম গগনদীপ সিংহ ওরফে গগন, পঞ্জাবের তরন তারন জেলার বাসিন্দা। অভিযোগ, পাকিস্তানের এক কুখ্যাত খলিস্তানপন্থী নেতা গোপাল সিংহ চাওলার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এই গোপাল সিংহকে পাকিস্তানি জঙ্গি হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়।
পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানান, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচার করতেন গগন। মঙ্গলবার এক যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। গত পাঁচ বছর ধরে পাকিস্তানের খলিস্তানপন্থী নেতা গোপালের সঙ্গে গগনের যোগাযোগ ছিল বলে জানা গেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, গোপালের মাধ্যমেই পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে গগনের পরিচয় হয়েছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গগন পাকিস্তানি এজেন্টদের থেকে টাকাও পেতেন।
গোপাল সিংহ চাওলার নাম এর আগেও একাধিক ভারতবিরোধী ষড়যন্ত্রে উঠে এসেছে। গোয়েন্দাদের সন্দেহ, তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়েও কাজ করেন। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ় সইদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। একটি ছবিও প্রকাশ্যে এসেছে যেখানে তাদের দুজনকে একসাথে দেখা গেছে। (ছবির সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫)
ধৃত গগনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে, এই মোবাইল থেকেই তিনি পাকিস্তানি এজেন্টদের সাথে যোগাযোগ রাখতেন। প্রাথমিক তদন্তে অন্তত ২০ জন আইএসআই এজেন্টের সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ মিলেছে। উল্লেখ্য, ২০১৯ সালেও গোপালের সঙ্গে যোগাযোগ থাকা আরও এক ব্যক্তিকে জলন্ধর থেকে গ্রেফতার করা হয়েছিল, যিনিও আইএসআইকে তথ্য পাচার করতেন বলে অভিযোগ ছিল। এই ঘটনা পঞ্জাবে গুপ্তচরবৃত্তির গভীর শিকড়কে আরও একবার স্পষ্ট করে দিল।







