দেশবিনোদন

রাষ্ট্রপতিভবনে ‘তানভি দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শনী, অনুপম খেরের পরিচালনায় মুগ্ধ দ্রৌপদী মুর্মু

দীর্ঘ কুড়ি বছর পর পরিচালনায় ফিরলেন অনুপম খের। তাঁর পরিচালিত নতুন ছবি ‘তানভি দ্য গ্রেট’ ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ বিভাগে নির্বাচিত হওয়ার পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর এবার রাষ্ট্রপতিভবনের কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হল এই ছবির একটি বিশেষ স্ক্রিনিং। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে।

বিশেষ ক্ষমতাসম্পন্ন এক তরুণীর আত্মসংগ্রামের কাহিনি এই ছবি। নিজের বাবাকে যথাযথ সামরিক সম্মান না পাওয়ার যন্ত্রণা থেকেই মেয়েটির মনে জন্ম নেয় দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। অটিস্টিক হলেও সে লড়াই থামায় না। সত্যি ঘটনার অনুপ্রেরণায় তৈরি ছবিটি দেশের সামরিক গর্ব, পারিবারিক সম্পর্ক এবং আত্মবিশ্বাসের গল্প বলে মনে করছেন দর্শকরা।

এই স্ক্রিনিংয়ে অনুপম খের ছাড়াও উপস্থিত ছিলেন বোমান ইরানি, করণ ঠাক্কর এবং নবাগত অভিনেত্রী শুভাঙ্গী। নিজের পরিচালিত ছবি রাষ্ট্রপতির সামনে দেখানোর অভিজ্ঞতা প্রসঙ্গে উচ্ছ্বসিত অনুপম বলেন,”এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার একসঙ্গে বসে আমাদের এই সিনেমাটি উপভোগ করলেন। আর খোদ দেশের রাষ্ট্রপতির তরফে প্রশংসা পাওয়া আমার জন্য স্বপ্নপূরনের থেকে কম কিছু নয়। পরিচালক হিসেবে দেশের সর্বোচ্চ দপ্তরে নিজের সিনেমাটা দেখাতে পেরে আমি ধন্য।”

আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ঘুরে অবশেষে ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তানভি দ্য গ্রেট’। কান-এ ছবির প্রিমিয়ারে কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোর উপস্থিতিও চমকে দিয়েছে সবাইকে। সবমিলিয়ে, এক আবেগঘন, অনুপ্রেরণামূলক ছবি হিসেবে ধরা দিতে চলেছে অনুপম খেরের এই প্রত্যাবর্তনমূলক পরিচালনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.