জিতেন্দ্র কুমার , অর্থাৎ সকলের জিতু ভাইয়া । পঞ্চায়েত সিরিজের পর থেকেই তার ক্যারিয়ার এক অন্য জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছে । জল্পনা , এবার সকলের প্রিয় ‘সচিবজী’কে দেখা যাবে বিরাট কোহলির ভূমিকায় !
মহেন্দ্র সিং ধোনি , মহম্মদ আজারুদ্দিন – একাধিক ভারতীয় ক্রিকেটারের বায়োপিক বলিউডের হাত ধরে আত্মপ্রকাশ পেয়েছে । যেখানে ধোনির ভূমিকায় দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুত ও আজারুদ্দিনের ভূমিকায় দেখা গিয়েছিল ইমরান হাশমিকে । ভারতীয় ক্রিকেটের ১৯৮৩ এর ঐতিহাসিক বিশ্বকাপ বিজয় নিয়েও তৈরি হয়েছে সিনেমা । সম্প্রতি জানা গিয়েছে , বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়েও তৈরি হচ্ছে সিনেমা , যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে ।
এবার এর মাঝেই কানাঘুষো শোনা যাচ্ছে , কিং কোহলির ভূমিকায় দেখা যাবে জিতেন্দ্র কুমারকে । তবে এবিষয়ে নিশ্চিত কোনো খবর এখনো পাওয়া যায়নি । তবে বিরাট কোহলির ভূমিকায় , নিজেকে ফুটিয়ে তোলার জল্পনা নিজেই উস্কে দিয়েছেন জিতেন্দ্র কুমার । সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিতেন্দ্র কুমারকে প্রশ্ন করা হয় , ‘আপনি কি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করবেন?’ উত্তরে জিতেন্দ্র বলেন , “ক্রিকেট মাঠে এমন কোনও মাইলফলক নেই যেটা ও স্পর্শ করেনি । আর সেই গোটা সফরটা আমি ভীষণ কাছ থেকে দেখেছি । আমি সুযোগ পেলে অবশ্যই জানতে চাইব, কোনও বিশেষ মুহূর্তের আগে কী ভাবত । পর্দায় সেই মুহূর্তটা ফুটিয়ে তুলতে পারলে দারুণ লাগবে । সেই আবেগগুলো ফুটিয়ে তোলার সুযোগ পেলে অসাধারণ লাগবে ।”
তিনি আরো বলেন , “আমি অনেক জায়গায় এরকম লেখালেখি দেখেছি । ওর বায়োপিক হলে আমি সুযোগ পেলে দারুণ লাগবে । আর ওর বায়োপিক হওয়াই উচিত । ওর জীবন মানুষের জানা উচিত । তাতে অনেকে অনুপ্রেরণা পাবে । ওর ক্রিকেট মাঠের সফর খুব আকর্ষণীয় । ক্রিকেট মাঠে তো বটেই, ব্যক্তিগত জীবনেও প্রচুর কীর্তি স্পর্শ করেছে । অবশ্যই ওর বায়োপিক করা উচিত । কীভাবে বিভিন্ন লড়াইয়ে জিতেছে, মানুষের জানা উচিত । এই কাজটা করার সুযোগ পেলে আমি খুব খুশি হব ।”







