খেলাধুলা

বাংলাদেশহীন বিশ্বকাপে দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২৪ আম্পায়ার, ৬ ম্যাচ রেফারির তালিকা প্রকাশ আইসিসির

নিজস্ব সংবাদদাতা:
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপে অংশ নিচ্ছে না লিটন দাসদের দল। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে তা সত্ত্বেও বিশ্বকাপ পুরোপুরি ‘বাংলাদেশহীন’ হচ্ছে না। ক্রিকেটাররা না থাকলেও মাঠে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার—আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদৌল্লা সৈকত এবং গাজি সোহেল। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তের মধ্যেও বাংলাদেশের আম্পায়ারদের উপর আস্থা রাখল আইসিসি।

আইসিসির ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মোট ২৪ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি। ম্যাচ রেফারিদের তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক জাভাগল শ্রীনাথ। তাঁর সঙ্গে আছেন ডিন কসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট ও রিচি রিচার্ডসন।

আম্পায়ারদের তালিকায় ভারতের চারজন—নীতীন মেনন, জয়রামন মদনগোপাল, কেএনও পদ্মনাভন এবং পল রাইফেল (ভারতের ম্যাচে দায়িত্বপ্রাপ্ত হিসেবে)। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত নামগুলির মধ্যে রয়েছেন কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, পল রাইফেল, রড টাকার, আল্লাউদ্দিন পালেকার, এহসান রাজা, রবীন্দ্র উইমালাসিরি, আসিফ ইয়াকুব-সহ আরও অনেকে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। সেই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা এবং ওয়েন নাইটস। একই দিনে মুম্বইয়ে ভারতের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের ম্যাচ পরিচালনা করবেন পল রাইফেল ও রড টাকার। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, সেই হাইভোল্টেজ লড়াইয়ে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কুমার ধর্মসেনা।

বাংলাদেশের দল মাঠে না নামলেও, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব যে একেবারে থাকছে না, তা স্পষ্ট করে দিল আইসিসির এই তালিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.