২০২৬ সালে আইএসএল জয়ের সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। কয়েক দিন আগেই কুয়েতের ক্লাব আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-হলুদ। এবার জানা গেল মূলপর্বে ইস্টবেঙ্গলের তিন প্রতিপক্ষের নাম। মঙ্গলবার অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের ড্র।
ড্র অনুযায়ী, গ্রুপ ডি-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে জর্ডনের আল হুসেন, ইরাকের আল শোরতা এবং ওমানের আল সিব। অর্থাৎ, এশিয়ার মঞ্চে তিন দেশের তিন শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করতে হবে রশিদ-আনোয়ারদের।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ড্রয়ে মোট ৩২টি দলের নাম ছিল। এশিয়াকে পূর্ব ও পশ্চিম—এই দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলে রয়েছে ১৬টি করে দল। পশ্চিমাঞ্চলের দলগুলিকে A থেকে D এবং পূর্বাঞ্চলের দলগুলিকে E থেকে H—এই আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি তিন দলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট ছ’টি ম্যাচ খেলবে।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২০২৭ সালের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে রাউন্ড অফ ১৬। কোয়ার্টার ফাইনাল হবে ২ থেকে ১৮ মার্চের মধ্যে। ৬ থেকে ১৪ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ১৫ মে ২০২৭ হবে প্রতিযোগিতার ফাইনাল। নক-আউট পর্বের ড্র হবে ১৯ ডিসেম্বর ২০২৬।
গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কারণে একমাত্র ভারতীয় ক্লাব হিসেবে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। যোগ্যতা অর্জন পর্বে যুবভারতীতে আল আরবির বিরুদ্ধে শুরুতে ০-১ গোলে পিছিয়ে পড়েছিল লাল-হলুদ। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় আনোয়াররা।
এবার অবশ্য মূলপর্বে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল। অতীতে এএফসি প্রতিযোগিতায় ইরানের বিরুদ্ধে ম্যাচে দল তুলে নেওয়ায় মোহনবাগানকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। তবে ইস্টবেঙ্গল এবার জর্ডন, ইরাক এবং ওমানে গিয়ে তিন প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলবে—এমনটাই প্রত্যাশা লাল-হলুদ সমর্থকদের।







