দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বুধবার সকালে হাড়হিম করা ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। অভিযোগ, স্ত্রীকে খুন করে তাঁর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়ালেন এক ব্যক্তি। পরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে একটি মন্দিরে বসেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে চাকরি চলে যাওয়ার পর থেকেই আর্থিক অনটন ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি প্রতিবেশীদের। মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর দেহ থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করে রাতভর এলাকায় ঘোরেন তিনি। ভোরের দিকে মন্দিরে গিয়ে বসেন।
বেলা বাড়তেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর দেওয়া হয় পুলিশে। পরে বাড়ি থেকে উদ্ধার করা হয় মহিলার দেহ। কেন এই নৃশংস ঘটনা, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। দুই ছেলেকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।







