খেলাধুলা

এল ক্লাসিকোর হারের মাশুল! ২৪ ঘণ্টার মধ্যেই জাবি আলোন্সোকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর হার যে রিয়াল মাদ্রিদের অন্দরমহলে এতটা ভূমিকম্প ডেকে আনবে, তা হয়তো কেউ ভাবেননি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে কপাল পোড়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাবি আলোন্সোকে। গত সাত মাস আগে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে যখন জাবি দায়িত্ব নিয়েছিলেন, তখন তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল সমর্থকদের। কিন্তু রবিবারের সেই হাই-ভোল্টেজ ম্যাচে ৩-২ ব্যবধানে হারের পরই মোহভঙ্গ হলো রিয়াল কর্তৃপক্ষের।

সোমবার ক্লাবের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াল ম্যানেজমেন্ট জাবি ও তাঁর সহযোগীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানালেও, ফুটবলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গত কয়েক মাস ধরেই ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল। দল কার্যত দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল, যা সামাল দিতে ব্যর্থ হন জাবি। মাঠের পারফরম্যান্সের চেয়েও এই অভ্যন্তরীণ কোন্দলই তাঁর বিদায়ঘণ্টা বাজিয়ে দিল।

রবিবারের সেই রোমাঞ্চকর ফাইনালে লড়াইটা হয়েছিল সমানে সমানে। রাফিনহার গোলে বার্সা এগিয়ে যাওয়ার পর ভিনিসিয়াস জুনিয়র রিয়ালকে সমতায় ফিরিয়েছিলেন। এরপর লেয়নডস্কি ও গঞ্জালো গার্সিয়ার পাল্টাপাল্টি গোলে প্রথমার্ধ শেষ হয়েছিল ২-২ ব্যবধানে। কিন্তু দ্বিতীয়ার্ধে রাফিনহার সেই বিতর্কিত জয়সূচক গোলটিই যেন রিয়ালের সব হিসেব ওলটপালট করে দিল। ম্যাচে ফেরার অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি এমবাপেরা।
আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে রিয়ালের ‘বি’ দলের কোচ আলভারো আরবেলোয়ার কাঁধে মূল দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আরবেলোয়া এর আগে রিয়ালের রক্ষণ সামলেছেন দীর্ঘ সময়, এবার ডাগ-আউট থেকে দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ তাঁর সামনে। জাবি আলোন্সোর এই আকস্মিক বিদায়ে রিয়াল মাদ্রিদ ভক্তরা এখন বেশ দ্বিধাবিভক্ত কেউ বলছেন তাঁকে আরও সময় দেওয়া উচিত ছিল, আবার কেউ মনে করছেন কঠিন সিদ্ধান্তের এটাই ছিল সঠিক সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.