স্কুলের পোশাকে ফিরতে পারে নিজস্ব পরিচিতি। এতদিন রাজ্যের সরকারি স্কুলগুলিতে নীল-সাদা ইউনিফর্ম চালু থাকলেও এবার স্কুলের পছন্দকেই গুরুত্ব দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। কোন স্কুলের পড়ুয়ারা কী রঙের পোশাক পরে, কত সংখ্যক পড়ুয়া রয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই শিক্ষা পোর্টালের মাধ্যমে এই তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে পড়ুয়াদের সংখ্যা এবং বর্তমানে ব্যবহৃত ইউনিফর্মের রং-সহ প্রয়োজনীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে। এ বিষয়ে স্কুলগুলির কাছে নির্দেশিকা-সহ পিডিএফ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এক জেলা স্কুল পরিদর্শক।
উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন রাজ্য সরকারের আমলে স্কুলের পোশাকে নীল-সাদা রং চালু হয়েছিল। পরে ২০২২ সালে তা বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি স্কুলের নিজস্ব ব্যাজের পরিবর্তে পোশাকে যুক্ত হয়েছিল বিশ্ববাংলার লোগো। এর ফলে বহু পুরনো স্কুলের ঐতিহ্য ও নিজস্ব পরিচিতি হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন শিক্ষকদের একাংশ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো ইউনিফর্ম ফিরিয়ে আনার দাবি আরও জোরালো হয়। সেই প্রেক্ষিতে স্কুলগুলিকে নিজেদের ঐতিহ্য ও পছন্দ অনুযায়ী পোশাকের রং বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে ইউনিফর্ম তৈরির পদ্ধতি নিয়ে এখনও রয়েছে প্রশ্ন। স্কুলগুলির একাংশের দাবি, পোশাক তৈরির বরাদ্দ অর্থ সরাসরি স্কুলের হাতে দেওয়া হলে উন্নত মানের কাপড় দিয়ে ইউনিফর্ম তৈরি করা সম্ভব হবে। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পোশাক তৈরি ও সরবরাহ করা হয়। কিন্তু কাপড়ের মান নিয়ে অতীতে একাধিক অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত স্কুলের হাতে এই দায়িত্ব দেওয়া হবে, নাকি আগের ব্যবস্থাই বহাল থাকবে, এখন সেদিকেই নজর।







