পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আসতে চলেছে একাধিক নতুন বিষয়। গণিতের সিলেবাসে বৈদিক গণিত এবং রাষ্ট্রবিজ্ঞানে চাণক্য নীতি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। জাতীয় শিক্ষানীতি ২০২০-কে সামনে রেখেই উচ্চশিক্ষার পাঠ্যক্রমে প্রাচীন ভারতীয় জ্ঞান ও শাস্ত্রচর্চাকে জায়গা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে শুরু হয়েছে আলোচনা।
এই পরিবর্তনের রূপরেখা তৈরি করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার। সদস্যদের মধ্যে রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পালও।
টাস্ক ফোর্সের সদস্য কল্লোল পাল জানিয়েছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য একটি মডেল গাইডলাইন তৈরি করা হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীন ভারতীয় জ্ঞান ও শাস্ত্রের বিভিন্ন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেই সূত্রেই গণিতে বৈদিক গণিত এবং রাষ্ট্রবিজ্ঞানে চাণক্য নীতির মতো বিষয় যুক্ত করার প্রস্তাব সামনে এসেছে।
**উদ্যোগকে স্বাগত, আবার উঠছে প্রশ্নও**
এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। তাঁর মতে, আধুনিক বিজ্ঞান ও ইউরোপীয় বিজ্ঞানের পাশাপাশি প্রাচীন ভারতীয় বিজ্ঞানচর্চাকেও পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়া যেতে পারে।
তবে এই প্রস্তাব নিয়ে ভিন্নমতও রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের বক্তব্য, প্রাচীন গণিতকে ইতিহাসের অংশ হিসেবে পড়ানো যেতে পারে। কিন্তু একুশ শতকের উচ্চশিক্ষায় আধুনিক গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির উপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ফলে বৈদিক গণিত ও চাণক্য নীতির মতো বিষয়গুলি কীভাবে পাঠ্যক্রমে জায়গা পায়, কোন স্তরে পড়ানো হয় এবং আধুনিক শিক্ষার সঙ্গে তার সমন্বয় কীভাবে করা হয়, এখন সেদিকেই নজর শিক্ষামহলের।







