বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার অন্যতম অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় অভিযুক্ত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই অভিযুক্তের মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর পুলিশ গিয়ে তার মাকে জানায়। তবে এই ঘটনায় কোনও আক্ষেপ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এমনকি ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন।
এনকাউন্টারে নিহত অভিযুক্তের মা জানান, “পুলিশ এসে শুধু বলেছে, আমার ছেলে মারা গিয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, সেটা বলেনি। শুধু জানিয়েছে, মৃতদেহ বারুইপুর হাসপাতালে রয়েছে, চাইলে গিয়ে দেখতে পারি।”
কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, ছেলের মৃতদেহ দেখতে বা নিতে তিনি হাসপাতালে যাবেন না। পরে জানতে পারেন, পালানোর চেষ্টা এবং পুলিশের দিকে গুলি চালানোর পর পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যা হয়েছে, ঠিকই হয়েছে। ওর দেহ আনারও কেউ নেই, দেখারও কেউ নেই। পুলিশ যা প্রয়োজন মনে করবে, তাই করুক। ও যেমন অপরাধ করেছে, তেমনই পরিণতি হয়েছে। এতে আমার কোনও আফসোস নেই। যদি স্বাভাবিকভাবে মারা যেত, তাহলে হয়তো দেখতে যেতাম।”
তিনি আরও বলেন, “যে ছোট্ট মেয়েটা এত কষ্ট পেয়ে মারা গিয়েছে, আমার ছেলে তেমনই পরিণতি পেয়েছে। ওর মৃত্যুর জন্য আমার কোনও দুঃখ নেই।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাটির পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ সে আচমকা এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে একটি গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।







