পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের হরিপুরে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক কর্মীসভা ঘিরে সোমবার রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছায়। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এই সভা থেকে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনল তৃণমূল নেতৃত্ব।
সভা থেকে শুরু থেকেই আক্রমণাত্মক সুরে বার্তা দেয় তৃণমূল। নেতৃত্বের দাবি, বিজেপি ও নির্বাচন কমিশন মিলিতভাবে বাংলার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের কথায়— “বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু আমরা রাস্তায় থেকে লড়াই চালিয়ে যাব। মানুষের অধিকার রক্ষা করতে তৃণমূল শেষ পর্যন্ত সংগ্রাম করবে।”
জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা সভামঞ্চ থেকে অভিযোগ করেন, এসআইআর মূলত বিজেপির একটি “বিপজ্জনক মেশিনারি”। তাঁর দাবি, বিহারে এই প্রকল্পের নামে ৬৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের ইতিহাসে এক “কালো অধ্যায়” হিসেবে থেকে যাবে। তিনি আরও বলেন, “বাংলায় এই ধরনের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। বিহারের মতো অন্ধকার ইতিহাস বাংলার মাটিতে লেখা হবে না।”
এছাড়াও তিনি নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ— কমিশনের উপরের স্তর বিজেপির স্বার্থেই কাজ করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
সভায় উপস্থিত ছিলেন দাঁতন ২ ব্লক সভাপতি শেখ ইফতেখার আলি, ব্লক যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেরা, জেলা পরিষদ সদস্য প্রীতিলতা বেরা, হরিপুর অঞ্চল সভাপতি কার্তিক চন্দ্র জানা ও স্থানীয় জনপদ প্রধান মহুয়া সাউ বেরা-সহ শীর্ষ নেতৃত্ব।
কর্মসূচিতে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতি স্পষ্টভাবে শক্তি প্রদর্শন করল শাসক দলকে। হরিপুরে এই কর্মীসভা প্রমাণ করল— এসআইআর ইস্যুতে তৃণমূল আরও সংগঠিত, আরও আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে।







