২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য এক বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাদের কাছে বিশ্বকাপের টিকিট থাকবে, তাদের জন্য একটি বিশেষ দ্রুত ভিসা বা ‘ফিফা পাস’ চালুর কথা জানালেন তিনি। তবে আমেরিকান প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু টিকিট থাকলেই কিন্তু আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়।
২০২৬ সালে আমেরিকা যখন স্বাধীনতা দিবসের ২৫০ বছর পূর্তি উদযাপন করবে, তখন বিশ্বকাপকে তারা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন গ্লোবাল ফুটবল সংস্থা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ওভাল অফিসে।ফিফা প্রধান ইনফান্তিনো এই ‘ফিফা পাস’ ঘোষণাকে ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “যদি আপনার কাছে বিশ্বকাপের টিকিট থাকে, তবে আপনি ভিসা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।” ফিফার ধারণা, প্রায় পাঁচ থেকে দশ মিলিয়ন মানুষ বিশ্বজুড়ে বিশ্বকাপ উপভোগ করতে আমেরিকায় আসবেন, এবং এই ‘ফিফা পাস’ বৈধ ফুটবল ভক্তদের সেরা পরিস্থিতিতে আমেরিকায় আসার ব্যবস্থা করবে।তবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আপনার টিকিট কিন্তু ভিসা নয়। এটা আমেরিকায় প্রবেশের গ্যারান্টি দেয় না। এটা শুধুমাত্র আপনাকে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার নিশ্চয়তা দেয়, কিন্তু আপনাকে একই যাচাই প্রক্রিয়া অর্থাৎ ‘ভেট্টিং’-এর মধ্য দিয়েই যেতে হবে।”
রুবিও আরও জানান, এই পরিকল্পনার অধীনে টিকিটধারীরা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের সুযোগ পাবেন, কিন্তু তিনি সবাইকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করার অনুরোধ করেছেন।ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্বকাপ দেখতে আসা দর্শকরা সমস্যায় পড়তে পারেন, এমন উদ্বেগ আগেই ছিল। এখন এই বিশেষ ভিসার ঘোষণা হলেও রাজনৈতিক অস্থিরতা পিছু ছাড়ছে না। অপরাধ ও অভিবাসন বাড়ছে এমন অভিযোগ তুলে কিছু ডেমোক্র্যাট-শাসিত শহর থেকে বিশ্বকাপের খেলা সরিয়ে নেওয়ার সম্ভাবনাও ট্রাম্প তুলে ধরেছেন।আগামী ডিসেম্বরের ৫ তারিখে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে ফিফা একটি নতুন শান্তি পুরস্কার দেবে, যা নিয়ে জল্পনা চলছে যে সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যেতে পারে।







